logo

তেল নেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, শ্রমিকদের সড়ক অবরোধ

তেল নেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে এক চালককে মারধরের অভিযোগে পরিবহন শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর বিকেল সাড়ে ৫টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জৈনাবাজারের আহমদ ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে লাইনের অব্যবস্থাপনা এবং মহাসড়কের পাশে লরি পার্কিংকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে হাইওয়ে পুলিশের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শ্রমিকরা সড়কের দুই লেন অবরোধ করে রাখেন।

আন্দোলনরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ আমাদের আটটি পিকআপ ভাঙচুর করেছে। প্রতিবাদ করায় আমাদের এক সহকর্মীকে মারধর করা হয়েছে। তিনি পাশের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে বিকেল ৫টার পর তারা মহাসড়ক ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।