ঝালকাঠিতে ৮৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ‘সমতা’ পেনশন স্কিম

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠিতে ৮৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ‘সমতা’ পেনশন স্কিম
পরিচ্ছন্নতাকর্মীর হাতে পেনশন স্কিম তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে কর্মরত ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘সমতা’ পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ জুলাই) ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রতীকীভাবে ‘সমতা’ পেনশন স্কিমের প্ল্যাকার্ড তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জাতীয় পেনশন স্কিমের নীতিমালা অনুযায়ী ‘সমতা’ ক্যাটাগরির আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মজীবন শেষে একটি সুরক্ষিত জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, ঝালকাঠি পৌরসভায় কর্মরত মোট ৯৯ জন পরিচ্ছন্নতাকর্মীর মাসিক বেতন ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ৮৭ জনকে ‘সমতা’ পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট ১২ জনের মধ্যে অনেকের বয়স ৫০ বছরের বেশি হওয়ায় এবং কয়েকজনের বায়োমেট্রিক আঙুলের ছাপ না মেলায় তাদের এই পর্যায়ে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা যায়নি। তবে তারাও বর্ধিত বেতনের সুবিধা ভোগ করবেন।

তিনি আরও বলেন, বেতন বৃদ্ধির অতিরিক্ত ১ হাজার টাকার মধ্যে প্রত্যেক কর্মীর নামে ৫০০ টাকা করে পেনশন তহবিলে জমা রাখা হবে। এ উদ্যোগ তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বিষয় :ঝালকাঠি