রিসোর্টের পর এবার কক্সবাজারে হোটেলে আগুন

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এবার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘দ্য সি প্রিন্সেস’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই নিকটবর্তী স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা জেনারেটরসহ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন।





