logo

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭) নামে দুজন আহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, নিহত সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন; বাকি দুইজন জয় ও রোহান যশোরগামী মোটরসাইকেলে ছিলেন। নতুনহাট বাজার এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।