ভেঙে গেল রেললাইনের পাত, দেড় ঘণ্টা পর ঢাকায় ছেড়ে গেল যাত্রীবাহী ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়ার দেড় ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে গেছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে, দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোসেন বলেন, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে এক নম্বর রেললাইনের পাত ভেঙে যায়। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই জংশনের হকাররা রেললাইনের পাত ভেঙে যাওয়ার বিষয়টি দেখে দ্রুত গৌরীপুর জংশনের রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়।
এ সময় দুর্ঘটনা এড়াতে ট্রেনটি জংশনে আটকে থাকে। রেললাইন মেরামতের দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
তিনি বলেন, এক নম্বর রেললাইনের পাত ভেঙে যাওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর আড়াইটা থেকে এক নম্বর লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।