logo

ফরিদপুরে পাটকলে শ্রম আইন বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

ফরিদপুরে পাটকলে শ্রম আইন বাস্তবায়ন নিয়ে মতবিনিময়
ফরিদপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) মতবিনিময় সভায় বক্তারা। ছবি: ডিআইএফই সূত্রে পাওয়া

ব্যক্তিমালিকানাধীন পাটকলগুলোতে শ্রম আইন বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এই সভার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) ফরিদপুর উপমহাপরিদর্শকের কার্যালয়।

সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর সদরের কোমরপুর ডোমড়াকান্দিতে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর ও রাজবাড়ী জেলার ৩৯টি ব্যক্তিমালিকানাধীন পাটকলের মালিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দিনব্যাপী আলোচনায় ব্যক্তিমালিকানাধীন পাটকলগুলোতে ‘স্ট্র্যাটেজিক কমপ্লায়েন্স প্ল্যান’ (এসসিপি) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। কারখানায় বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা, সক্রিয় সেফটি কমিটি গঠন, অগ্নিসুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই ব্যবহার, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেশনে স্থান পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের ফরিদপুরের উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বলেন, “শিল্পখাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং নিরাপদ কর্মপরিবেশ অপরিহার্য।” আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্ট্র্যাটেজিক কমপ্লায়েন্স প্ল্যান বাস্তবায়নে পাটকল মালিকদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ মনজুরুল হক বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং কারখানার সার্বিক নিরাপত্তা বিধানে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব অংশীজনের কার্যকর ভূমিকার মাধ্যমে একটি মানসম্মত ও শোভন কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।”

ফরিদপুর কার্যালয়ের শ্রম পরিদর্শক নুসরাত জাহান লিযার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন, ওজোপাডিকোর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) সহকারী প্রকৌশলী শাশ্বত দত্ত এবং আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক নাদিম হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে পাটকল মালিকদের বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। এ সময় যৌথ প্রচেষ্টায় পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।