logo

সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
উদ্ধার করা মাদকদ্রব্য। ছবি : বিজিবির সৌজন্যে

মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা ও বিভিন্ন ধরনের ট্যাবলেট। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির দুটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, আমদানি নিষিদ্ধ ৩ হাজার ৪৮০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে রংমহল বিওপির অভিযানে ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, ধলা বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা, ৪৮০টি ডেক্সামেথাসন ও ৫২০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।