logo

২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাভোগ, অবশেষে দুই ভারতীয়কে হস্তান্তর

২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাভোগ, অবশেষে দুই ভারতীয়কে হস্তান্তর

নানা আইনি জটিলতায় ১৬ মাস হবিগঞ্জ কারাগারে বন্দি থাকার পর ভারতীয় দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ তাদের কারাদণ্ডের মেয়াদ ছিল মাত্র ২৮ দিন। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে বাল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) সজল কুমার পাল উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি. কুডিয়াওসো, বিএসএফের কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ডি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিক— অজিৎ বিশ্বাস ও সমীর দাশকে আটক করে বিজিবি। পরে হবিগঞ্জ আদালত তাদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড দেন। 

তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে সাজা শেষে প্রায় ১৬ মাস পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।