logo

চুরির অভিযোগে সালিশে ডেকে ২ ভাইকে মারধর, একজনের মৃত্যু

চুরির অভিযোগে সালিশে ডেকে ২ ভাইকে মারধর, একজনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে দুই ভাইকে মারধরের পর একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. নুরুল আবছার (৩৯)। তার ছোট ভাই মো. রাসেল (৩২) আহত হয়েছেন। তারা ওই এলাকার নবী উর রহমানের ছেলে। নিহত নুরুল আবছার তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুরির অভিযোগ তুলে নুরুল আফছার ও রাসেলকে সালিশি বৈঠকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বারমাসিয়া, করলিয়া ও মাস্টারপাড়া এলাকার একদল যুবক। তবে সালিশের আগেই উত্তেজিত জনতা তাদের পৃথক স্থানে নিয়ে বেধড়ক মারধর শুরু করে। নুরুল আফছারকে করলিয়া এলাকায় এবং রাসেলকে খন্দকার পাড়া নূরানী মাদ্রাসার পাশে নিয়ে নির্মমভাবে পেটানো হয়। একপর্যায়ে দুজনেই রক্তাক্ত ও অচেতন হয়ে পড়লে তাদের খন্দকার পাড়া মাদ্রাসার সামনে নিয়ে আসা হয়। সেখানে রাসেলকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মুমূর্ষু আফছারকে মাদ্রাসার বারান্দায় ফেলে রাখা হয়।

খবর পেয়ে নিহতের আরেক ভাই হানিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে নুরুল আফছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা জাহানারা বেগম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে চুরি করেছে কি না সেটা আইন দেখবে। কিন্তু সালিশের নামে ডেকে নিয়ে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার কে দিয়েছে? আমি এই হত্যার বিচার চাই।’ 

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করেছে। এ ঘটনায় একজন মারা গেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’