কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ১৬ জলকপাট ৩ ফুট করে খোলা

কাপ্তাই হ্রদে পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক এবং বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খোলা হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি বের করা হচ্ছে। ফলে উভয় পথে প্রতি সেকেন্ডে মোট ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
এদিকে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটনকেন্দ্রের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন পানির নিচে রয়েছে। এতে সেখানে ঘুরতে আসা পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। অন্যদিকে সাজেকগামী বাঘাইহাট সড়ক থেকে পানি সরে যাওয়ায় ওই পথে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এর আগে, হ্রদে পানি বাড়তে থাকায় গত ১৮ জুলাই প্রথম দফায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পরে পানি কমে যাওয়ায় ২৩ জুলাই জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।



