‘অন্য ডাক্তার হলে মেরে সোজা করতাম’, চিকিৎসককে বিএনপি নেতার ভাই

সুপারিশে রোগী ভর্তি না করানোয় মাহাবুবুর রহমান নামে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চিকিৎসক মাহাবুবুর রহমান হাসপাতালটির আইসিইউ বিভাগে কর্মরত। ওই চিকিৎসককে গালাগাল ও লাঞ্ছিত করা ব্যক্তির নাম রকিবুল হাসান রিপন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট ভাই।
হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স লাভলী খাতুন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মাহবুবুর রহমান ওয়ার্ডের রোগীদের দেখে ব্যবস্থাপত্র লিখছিলেন। এ সময় রকিবুল হাসান রিপন ওয়ার্ডে প্রবেশ করে চিকিৎসককে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। চিকিৎসক এর প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, সকালে ওই ব্যক্তি দুবার হাসপাতালে এসে তার সুপারিশ করা রোগীকে ভর্তি করানোর জন্য চাপ দেন। এ সময় আইসিইউ থেকে একজন রোগীকে বের করে তার সুপারিশ করা রোগীকে ভর্তি করাতেই হবে বলে দাবি করেন।
ভুক্তভোগী চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, রিপন বারবার তার সুপারিশ করা এক রোগীকে আইসিইউতে ভর্তি করানোর জন্য অনুরোধ করছিলেন। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। একপর্যায়ে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, ‘দেখেন, যেটা সম্ভব নয়, সেই বিষয়ে এত কচলাকচলি করছেন কেন?’ এরপর রিপন রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, ‘অন্য কোনো ডাক্তার হলে এতক্ষণে মেরে সোজা করে ফেলতাম।’
চিকিৎসকের অভিযোগ, তিনি এ ধরনের আচরণ না করার জন্য বললে রিপন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তেড়ে আসেন।
অভিযোগের বিষয়ে রকিবুল হাসান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই চিকিৎসকের আচরণ সবসময় খারাপ এবং তার বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন।
রিপন বলেন, আমার পরিচিত এক ক্যানসার রোগীকে আইসিইউতে ভর্তি করানোর অনুরোধ নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি আমাকে বলেন, ‘আপনি এত কচলাচ্ছেন কেন?’ এটা কি কোনো ডাক্তারের ভাষা হতে পারে? এ ধরনের ভাষা তো সুইপাররা ব্যবহার করে। আমি আমার ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হয়েছি, যা অনাকাঙ্ক্ষিত।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাসিম আখতার বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
