logo

বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৫

বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৫

বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়। 

আটক পাঁচজন হলেন, তেঁতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম (৩০), একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আবু বক্কর (২৮), শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ (২৫), লহরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তোহা খান (২৫) এবং একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৩)।

সেনাবাহিনী জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়িতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিন। এ সময় আব্দুস ছালাম, আবু বক্কর এবং পারভেজকে আটক করা হয়। 

সেনাবাহিনী আরও জানায়, প্রথমে আব্দুস ছালামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল, পাঁচটি তাজা গুলি ও ৩৫টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

লেফটেন্যান্ট ফাতিন বলেন, পরবর্তী ব্যবস্থার জন্য উদ্ধার করা অস্ত্র ও আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাতে কাহালুর নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় তোহা খান ও হারুন অর রশিদকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল রাতে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রতন খানের বাড়িতে অস্ত্রসহ কয়েকজন অবস্থান করছেন। পরে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। অভিযানে বসতঘরের বিছানার নিচ থেকে একটি চাইনিজ কুড়াল, ১০টি ছোট চাকু, দুটি বড় চাকু, দুটি বার্মিজ চাকু ও একটি মুখোশ উদ্ধার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।