logo

মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত

মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত
ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া এলাকায় মহাসড়কের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে অটোরিকশা চালক আক্কাছ মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি অটোরিকশা দক্ষিণ বেজুড়া এলাকায় একটি সেতুর ওপর অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়া নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যাত্রী তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে।