‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া উন্নয়ন-কর্মসংস্থান সম্ভব নয়’

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য অনুকূল ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা গেলে বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা শিক্ষিত ও অর্ধশিক্ষিত উভয় শ্রেণির মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, সময়মতো বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে দেশে অপরাধ, সন্ত্রাস ও মাদকাসক্তি আশঙ্কাজনকভাবে বাড়বে। এর ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, রাজনীতি মূলত অর্থনীতিকে প্রভাবিত করে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ধরে রাখতে দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাও ধীরে ধীরে কমে আসবে।
নিজেকে ফেনীর সন্তান উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমি ফেনীতে জন্মেছি, ফেনীতেই পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুল ক্রসিংয়ের সমস্যা সমাধানে আমি উদ্যোগ নিয়েছি। মুসাপুর রেগুলেটর প্রকল্পটি একনেকে উপস্থাপনের চেষ্টা চলছে। ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টিও বারবার সংসদে উত্থাপন করা হয়েছে। আশা করি, পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজক উপকমিটির আহ্বায়ক ও ফেনী চেম্বারের পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং ফেনী চেম্বারের পরিচালক জালাল উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
এ ছাড়া ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ পাঠানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
.png)






