logo

খুলনায় বিএল কলেজের গেটে যুবক গুলিবিদ্ধ

খুলনায় বিএল কলেজের গেটে যুবক গুলিবিদ্ধ
পুরোনো ছবি: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা

খুলনার দৌলতপুরে বিএল কলেজের (সরকারি ব্রজলাল কলেজ) দ্বিতীয় গেট এলাকায় গুলিতে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। তার পেটের ডান পাশে গুলি লাগে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে মহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। তিনি একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে মহিদুল বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

গুলির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা আরও জানান, বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এর আগেও গুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস আগে ফজরের নামাজের সময় একটি মসজিদের ভেতরে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। একই এলাকায় আবারও ভোরে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মহিদুলের ভাই শহিদুল বলেন, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।

দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।