logo
Advertisement

২৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
২৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
ছবি: সংগৃহীত

মাগুরায় নিজের ১ মাস ২৫ দিন বয়সী সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির বাবা, ক্রেতা দম্পতি এবং মাগুরা সদর হাসপাতালের এক কর্মচারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামের বাসিন্দা সাগর হোসেন তার ১ মাস ২৫ দিন বয়সী সন্তানকে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে সদর উপজেলার মঘি ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

সন্তান বিক্রির পর থেকে শিশুটির মা তানজিলা খাতুন তার সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগর হোসেন তাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এমনকি শিশুটিকে ‘জীনে নিয়ে গেছে’ এবং ‘জীনের মাধ্যমেই আবার ফেরত আনা হবে’ এমন অলৌকিক আশ্বাস দিয়ে তিনি প্রায় দুই মাস সময় অতিবাহিত করেন।

পরবর্তীতে স্বামীর কথাবার্তায় সন্দেহ হলে শিশুটির মা তানজিলা খাতুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ তদন্তে নামে।

বৃহস্পতিবার দুপুরে মঘি ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজের পরপরই পুলিশ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

পুলিশ সুপার আরও জানান, এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা সাগর হোসেন, সন্তান ক্রেতা দম্পতি শাহাবুর ও মনিরা খাতুন এবং সুজয় নামে মাগুরা সদর হাসপাতালের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতাল কর্মচারী সুজয় এই সন্তান বিক্রির প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।