logo

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন। ছবি : পুলিশের সৌজন্যে

নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া সরদারপাড়া এলাকার রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), পিয়ারুল ইসলাম মুসা (১৯), মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া পূর্বপাড়া এলাকার সোহেল হোসেন (২১)। তাদের মধ্যে রোকনুজ্জামান স্থানীয় একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। অন্যরাও সংগঠনটির সক্রিয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। এলাকায় অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তার চারজনকে আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট