আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী বাবুলকে অর্থদণ্ড

জামালপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন এ আদেশ দেন।
অনুসন্ধান কমিটি থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদাগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জাকির হোসাইন নামে একজন ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনি এলাকার বিভিন্ন জায়গায় রঙিন পোস্টার ব্যবহার করছেন। এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন।
আদালত সূত্রে জানা গেছে, সকালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের পরেও অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী বাবুলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
