Advertisement

নোয়াখালীতে অটোরিকশা চালককে তুলে নিয়ে গুলি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে অটোরিকশা চালককে তুলে নিয়ে গুলি
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন ওরফে রাকিব নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

Advertisement

গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাকিব একই ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন রাকিব অভিযোগ করে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে কেনাকাটা শেষে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে স্থানীয় একটি বাড়ির পেছনে নির্জন স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।

আহত চালকের দাবি, সেখানে আলমগীর, রাজন, রিপন ও আলম নামে চার যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুতে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালিয়ে আসেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, এক অটোরিকশা চালকের পায়ে ছোট ক্যালিবারের গুলি লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।