logo

সাতক্ষীরা/৪৫ কেজি মুগ ডালে তৈরি দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের

৪৫ কেজি মুগ ডালে তৈরি দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের
সাতক্ষীরার বুধহাটা কাছারিপাড়া সর্বজনীন কালী ও দুর্গা মন্দিরে প্রায় ৪৫ কেজি মুগ ডাল দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার বুধহাটা কাছারিপাড়া সার্বজনীন কালী ও দুর্গামন্দিরে প্রায় ৪৫ কেজি মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমা। প্রায় ১৫ দিনের পরিশ্রমে ডাল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গা ও তার পরিবারের সদস্যদের অবয়ব। ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজার আগেই মন্দিরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

মন্দিরটিতে এবার উদ্‌যাপিত হচ্ছে ১০৬তম শারদীয় দুর্গোৎসব। প্রচলিত উপকরণের বাইরে গিয়ে মুগ ডাল দিয়ে প্রতিমা তৈরির এ উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। প্রতিমার পাশাপাশি বিশেষ প্যান্ডেল ও আলোকসজ্জার আয়োজনও করছেন আয়োজকেরা।

স্থানীয় বাসিন্দা নিতাই ঘোষ বলেন, এ বছর মুগ ডালের প্রতিমা তৈরি করায় পূজার আয়োজন আগের বছরের তুলনায় ভিন্ন মাত্রা পেয়েছে। আলোকসজ্জার কাজও সুন্দর হচ্ছে। ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন বলে আশা করছেন তিনি।

প্রতিমা তৈরির কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে প্রশংসা পাচ্ছেন আয়োজকরা। স্থানীয় বাসিন্দা কাকলি বিশ্বাস বলেন, প্রতিমা দেখতে আসা মানুষজন এটি দেখে আনন্দ পাচ্ছেন এবং প্রশংসা করছেন। প্যান্ডেলের কাজ শেষ হলে পুরো আয়োজন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

আয়োজক কমিটির সদস্য জয়কৃষ্ণ কর্মকার বলেন, প্রতিবছরই মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়। তবে এবার নতুনত্ব আনতে ৪০ থেকে ৪৫ কেজি মুগ ডাল দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এই আয়োজন দেখতে সবাইকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানান তিনি।

মন্দিরের ক্যাশিয়ার পবিত্র দেবনাথ জানান, প্রতিমার পাশাপাশি দেবীগঞ্জের ঠাকুরবাড়ির আদলে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। কমিটির সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে পুরো আয়োজন। প্রতিমা ও প্যান্ডেলসহ সব মিলিয়ে ব্যয় হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা।

আয়োজক কমিটির আরেক সদস্য শুভঙ্কর বিশ্বাস বলেন, প্রায় এক বছর ধরে পরিকল্পনা করে মুগ ডালের প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছর নতুন কিছু করার চেষ্টা থেকেই এবারের আয়োজন। প্রতিমার পাশাপাশি আকর্ষণীয় প্যান্ডেলও দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা করছেন তারা।

মুগ ডালের ব্যতিক্রমী প্রতিমা ও নান্দনিক প্যান্ডেলের সমন্বয়ে এবারের দুর্গোৎসবকে আকর্ষণীয় করে তুলতে চান মন্দির কমিটির সদস্যরা। তাদের প্রত্যাশা, সৃজনশীল এই উদ্যোগ দর্শনার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি এলাকায় উৎসবের আমেজ আরও বাড়াবে।