নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত পুরুষেরা হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।
পুলিশ জানায়, নোয়াখালীর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে উল্লিখিত হোটেল দুটিতে এই অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোট ৮ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।


