খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে। এবং মামলার এজাহারের ২নং আসামি আবু সুফিয়ানের পিতা।
দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় কদমখালির বাসিন্দা ও খামারি আনছার আলী বিশ্বাস দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে কয়েক জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে এঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে উক্ত আসামীকে আটক করে পুলিশ।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
