বেতন বৃদ্ধির দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ, কারখানার ফটকে ভাঙচুর

বেতন বৃদ্ধির দাবিতে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় এ কে এইচ কারখানার প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা এ কে এইচ কারখানার প্রধান ফটকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পাশাপাশি সেখানে অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনার পর আশপাশের অন্যান্য কারখানায়ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা হঠাৎ করেই মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। কিছু জায়গায় উত্তেজনার সৃষ্টি করেন। পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছি এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
