Advertisement

রেললাইন নির্মাণ পরিদর্শনে শ্রীমঙ্গল স্টেশনে মন্ত্রী আরিফুল হক

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
রেললাইন নির্মাণ পরিদর্শনে শ্রীমঙ্গল স্টেশনে মন্ত্রী আরিফুল হক
শ্রীমঙ্গলের রেলপথ ও স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে তিনি এ স্টেশন পরিদর্শনে যান।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি এ স্টেশন পরিদর্শনে যান।

স্টেশন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এসময় তারা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ায়। এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, মন্ত্রী যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সব স্টেশন এবং রেললাইনের সমস্যা সরজমিন পরিদর্শন করবেন।