logo

নিখোঁজের ৯ দিন পর পার্লারের টয়লেটে মিলল নারীর মরদেহ

নিখোঁজের ৯ দিন পর পার্লারের টয়লেটে মিলল নারীর মরদেহ

নিখোঁজের ৯ দিন পর একটি বিউটি পার্লারের ভেতরে টয়লেট থেকে পার্লার মালিক কামরুন নাহার ইতির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় ঘটনাস্থলে গিয়ে পার্লারের দরজার তালা ভেঙে সেই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইতি (৩৮) আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে কামরুন নাহার ইতি নিখোঁজ ছিলেন। শহরের আমলাপাড়ায় অবস্থিত ‘পরী বিউটি পার্লার’ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন সন্দেহ প্রকাশ করেন। পরে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় দুপুরে ঘটনাস্থলে গিয়ে পার্লারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি পচে যাওয়ায় ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

নিহতের স্বজনদের অভিযোগ, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই ইতির ওপর শারীরিক নির্যাতন চালাতেন। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এশিয়া পোস্টকে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইমসিন একটি ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।