Advertisement

রামেক হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মা

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রামেক হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মা
চার সন্তান। ছবি : এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তিশা খাতুন নামের এক নারী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়া চার শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

তিশা খাতুন রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী নয়ন ইসলাম।

স্বজনেরা জানান, প্রসববেদনা শুরু হলে সোমবার বিকেলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে চিকিৎসকেরা অস্ত্রোপচার (সিজারিয়ান সেকশন) করলে একে একে চার শিশুর জন্ম হয়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চার নবজাতকের মধ্যে দুটির ওজন এক কেজি করে। অন্য দুটির ওজন যথাক্রমে ১ কেজি ১০০ গ্রাম ও ১ কেজি ৩০০ গ্রাম। কম ওজন এবং নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় তাদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চার নবজাতকের কারও ওজনই প্রত্যাশিত মাত্রায় নেই। সাধারণভাবে দেড় থেকে দুই কেজি ওজন হলে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হিসেবে বিবেচনা করা যায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক না হলেও পুরোপুরি শঙ্কাযুক্ত বলা যাচ্ছে না। তাই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নবজাতকদের আরও উন্নত পরিচর্যার জন্য মঙ্গলবারই হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসঙ্গে চার সন্তান পেয়ে আনন্দিত বাবা নয়ন ইসলাম বলেন, একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সন্তানেরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং বড় হয়ে ভালো মানুষ হতে পারে—সবার কাছে এই কামনাই করি।

বিষয় :