১২ জন মিলে কোপাল স্বেচ্ছাসেবক দলের নেতাকে, ভেঙে দিয়েছে পা

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তার বাম পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক নেতা মনিরুজ্জামান মনি।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করা হয়।
আহত রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা তার মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার পাশাপাশি বাম পা ভেঙে দিয়েছে। পায়ের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এ হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে।