গোপালগঞ্জকে আলাদা করে দেখার সুযোগ নেই: এমপি বাবর

গোপালগঞ্জকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে—গোপালগঞ্জে উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলায় এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে প্রাথমিক শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়নে পাঁচটি প্রকল্পের ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ১০২নং বীনাপানি, ৯৩নং বেদগ্রাম এবং ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ ছাড়া ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক (দৈর্ঘ্য ১১.৫ কিমি) এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি-বড়দিয়া জিসি-মধুমতি বাজার সড়ক (দৈর্ঘ্য ১১.৬ কিমি) উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী এহসানুর হক, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা লাবনী রায় প্রমুখ।