৪২ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, গেটে ঝালাই করে প্রবাসী ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করলেন ভাই

লক্ষ্মীপুরের রায়পুরে সম্পত্তি ও ভবন নির্মাণ নিয়ে পারিবারিক বিরোধের জেরে ৪২ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় অবরুদ্ধ জীবনযাপন করছেন সৌদি আরব প্রবাসীর স্ত্রী ও সন্তানরা। প্রবাসীর ছোট ভাইয়ের বিরুদ্ধে ভবনের গেট ও জানালায় তালা লাগিয়ে এবং কিছু অংশ ঝালাই করে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার কেরোয়া ইউনিয়নের তৃনা গাজী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া মারধর, হত্যার হুমকি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে মাসুমের ছোট ভাই শাহাদাত ও তার স্ত্রী আফরোজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফরোজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাতকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির গেট ও জানালায় তালা লাগিয়ে এবং কিছু অংশ ঝালাই করে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। বর্তমানে পাশের ভবনের ছাদ দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।
ভুক্তভোগী তাজনেহার আক্তার নিপু বলেন, গত ১০ নভেম্বর বিকেলে দেবর শাহাদাত ও তোর স্ত্রী আফরোজা আমাকে ও আমার সন্তানদের মারধর করে আহত করেন।
এ সময় হত্যার হুমকি দিয়ে স্বামী ও দেবরের যৌথ উদ্যোগে নির্মিত ভবন থেকে তাদের চলে যেতে বলা হয়। তারা বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় ভবনের গেট ও জানালায় তালা লাগিয়ে দেওয়া হয়। কিছু অংশ ঝালাই করেও বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে ১৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শাহাদাত ও তার স্ত্রী ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ সময় গালমন্দ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল ঘটনাস্থলে গিয়ে দরজার তালা খুলে দেন।
নিপুর অভিযোগ, ১৫ অক্টোবর তাদের দ্বিতীয় তলার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে টানা ৪২ দিন বিদ্যুৎহীন অবস্থায় সন্তানদের নিয়ে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ভবনের বিভিন্নস্থানে এবং তাদের ঘরের দরজার সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ১৮ নভেম্বর সকালে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন নিপু। তার আশঙ্কা, যেকোনো সময় তাদের ওপর আবারও হামলা হতে পারে। এ পরিস্থিতিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে মাসুম ও শাহাদাতের মা নূর জাহান বলেন, মাসুম ও তার ছোট ছেলে শাহাদাত যৌথভাবে বসবাসের উদ্দেশে ভবনটি নির্মাণ করেন। পরিকল্পনা ছিল প্রথম তলা নির্মাণের পর পর্যায়ক্রমে আরও দুটি ছাদ নির্মাণ করা হবে। ভবনটিতে তিন ছেলের থাকার কথা ছিল। তবে প্রথম তলা নির্মাণের পরই বিরোধ সৃষ্টি হয়।
পরে ছাদ নির্মাণ না হওয়ায় বড় ছেলে মাসুম নিজ উদ্যোগে দ্বিতীয় তলায় ছাদ ছাড়াই টিনের ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। বর্তমানে প্রথম তলায় শাহাদাত থাকেন।
নূর জাহান বলেন, ‘আমি মা হিসেবে সব ছেলেকেই সমান দেখি। আমি চাই, বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। কেউ একজন অভিভাবক হয়ে বিষয়টি মীমাংসা করে দিক।’
অভিযোগের বিষয়ে জানতে শাহাদাতের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
রায়পুর থানার উপপরিদর্শক জামাল বলেন, গত ১৫ অক্টোবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে মাসুমের স্ত্রী ও সন্তানদের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা খুলে দিয়ে তাদের আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূইয়া বলেন, শাহাদাতের স্ত্রী আফরোজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি শাহাদাতকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
