logo

কালকিনিতে সংঘর্ষের পর ৫ বাড়িঘরে হামলা-লুটপাট, কোটি টাকার ক্ষতির দাবি

কালকিনিতে সংঘর্ষের পর ৫ বাড়িঘরে হামলা-লুটপাট, কোটি টাকার ক্ষতির দাবি
হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর পাঁচটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, লুটপাট ও অগ্নিসংযোগে সব মিলিয়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ক্ষতির বিষয়টি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Advertisement

এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার পর উপজেলার অন্তত তিনটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা-ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান বলে অভিযোগ করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

হামলায় ভুক্তভোগীদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট
হামলায় ভুক্তভোগীদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

অভিযোগ রয়েছে, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল বাজারসংলগ্ন ব্যবসায়ী জামাল রাঢ়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তার দাবি, দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় এবং তার নতুন মোটরসাইকেলটি ভাঙচুর করে।

অন্যদিকে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় অন্তত তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এসব বাড়ি থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে। এ ছাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াস বালির একটি ভাঙারির দোকানে আগুন দেওয়া হলে মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না; তবু হামলা ও লুটপাটে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, নতুন করে হামলার আশঙ্কায় অনেকে থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে বিএনপির একাংশের নেতারা বলেন, পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে মিছিল ও সংঘর্ষে জড়ান, তা বোধগম্য নয়; আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা থাকলে এমন পরিস্থিতি আরও বাড়তে পারে।

স্থানীয় বিএনপি নেতা সালাম মাতুব্বর দাবি করেন, এ ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসনের যোগসাজশ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান মাহমুদ বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।