রংপুর /অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর। এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের কাউয়াফান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি উপজেলার নবনীদাস মৌলভীবাজার এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। পরিবারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে গজঘণ্টা ইউনিয়নের বটতলা-শান্তিপাড়া সড়কের কাউয়াফান্দা এলাকায় মো. নওশা মিয়ার (পুলিশ) বাড়ির সামনে পাকা রাস্তার পাশে মোখলেসুর রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি সিআইডির একটি ‘ক্রাইম সিন’ টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আইনগত কার্যক্রম শুরু করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের অটোরিকশাটি নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



