বাথরুমে ঝুলছে যুবকের লাশ, ছিল ঋণের চাপ

মাদারীপুর সদর উপজেলায় হাসান ফকির নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর গ্রামে নিজ বাড়ির বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্র ও পরিবারের সূত্রে জানা যায়, হাসান ফকির নামে ওই যুবক বুধবার সকালে বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যান। পরে পরিবারের সদস্যরা দেখতে পান, তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, হাসান ফকির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
হাসান ফকিরের স্ত্রী শিউলি বেগম বলেন, বিভিন্ন সংস্থা থেকে কিস্তি ও মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছিল সে। মানুষের কাছে যা টাকা নিয়েছে তা আয়ের চেয়ে বেশি। প্রতিনিয়ত সুদের টাকা জন্য মানুষ বাড়িতে আসে এবং কিস্তিওয়ালারা বাড়িতে আসে এজন্য অনেক চাপ আসত। কিন্ত কিসের জন্য সে মারা গেছে আমরা জানি না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)






