নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় জড়িত অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার কার হয়েছে। এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চপর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে প্রত্যাহার করা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগটি অনুসন্ধান করা হচ্ছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

