কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাজিব মোল্লা (২০), মো. রাব্বি হাওলাদার (২৫) ও মো. রাসেল (৩৪)।
শনিবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মাঠের কোনা ভূতের গলি এলাকায় একদল কারবারি জাল টাকা লেনদেনের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারের সঙ্গে জড়িত। তারা কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই জাল টাকা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
.png)





