সালিশে মারধরের অপমান সইতে না পেরে তরুণীর ‘আত্মহত্যা’

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সালিশ ডেকে এক তরুণীকে (২৫) মারধর করা হয়েছে। ঘটনার পর তিনি অপমান সইতে না পেরে আত্মহনন করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর কাশাদহ এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অভিযোগ তুলে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তরুণীর বাড়িতে একটি সালিশ বসানো হয়। স্থানীয় মাতব্বররা তরুণী এবং এক যুবককে প্রকাশ্যে মারধর করেন। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট কয়েকজন গা-ঢাকা দিয়েছেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নাজমার স্বজনদের দাবি, শনিবার সকালে তরুণী কর্মস্থল গিয়ে বিকেলে বাড়ি ফিরে আসেন। সন্ধ্যার দিকে নিজ ঘরে আত্মহত্যা করেছেন। সালিশের নামে প্রকাশ্যে অপমান ও শারীরিক নির্যাতনের মানসিক চাপেই তিনি আত্মহত্যা করেছেন।
তরুণীর মা বলেন, ‘সবার সামনে আমার মেয়েকে মারধর করা হয়েছে। এই অপমান সে সহ্য করতে পারেনি। আমি এর বিচার চাই।’
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানোবেন্দ্র বালো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।