logo
Advertisement

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক নাহিদা বেগমের একমাত্রা ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন

তিনি বলেন, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং হত্যার কারণ জানার চেষ্টা চলছে। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেবেন পুলিশ সুপার।

এদিকে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং বেলা ১১টায় কুমিল্লার কোটবাড়ি গন্ধমতিতে অপ্রতিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর গন্ধমতিতে বাসার পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় অপ্রতিমকে।