সুনামগঞ্জে চার কোটি টাকার সেতুতে উঠতে হয় পাটাতন বেয়ে

দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ব্যয় ধরা হয়েছিল চার কোটি ২৬ লাখ টাকা। কিন্তু প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুর কাজ পুরোপুরি শেষ হয়নি। নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও দুই পাশের সংযোগ সড়কে এখনও মাটি ভরাট করা হয়নি। ফলে সেতুতে উঠতে হচ্ছে স্টিলের পাটাতন ও মই বেয়ে। এতে দুর্ভোগ কমার বদলে বেড়েছে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি।
এমন চিত্র সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত সেতুর। উপজেলার আলীপুর-টেংরাটিলা এলাকায় খাসিয়ামারা নদীর ওপর চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে ৭৫ মিটার দীর্ঘ এই সেতু।
এলজিইডি সূত্রে জানা যায়, খাসিয়ামারা নদীর আলীপুর-টেংরাটিলা খেয়াঘাট এলাকায় ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শংকর সরকার ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সেতুর নির্মাণকাজ শুরু করে। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনার অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে বারবার দীর্ঘ সময়ের জন্য সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল। নির্মাণকাজে দীর্ঘসূত্রতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারে আসার বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক এখনও নির্মাণ করা হয়নি। ফলে সেতুর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। বাধ্য হয়ে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে তাদের।
জানা যায়, খাসিয়ামারা নদীর এই সেতু পার হয়ে দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয় ও আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খাসিয়ামারা নদীতে সেতু নির্মাণের আগে এলাকার মানুষ রশি টানা খেয়ানৌকায় নদী পার হতেন। ওই নৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেলও পারাপার করা হতো। কিন্তু সেতু নির্মাণের পর খেয়ানৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। অথচ সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। এখন প্রায় ২০ ফুট উচ্চতার পাটাতন ও সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণকাজ চললেও সংযোগ সড়ক তৈরি হয়নি।
আলীপুর গ্রামের বাসিন্দা আশিস রহমান বলেন, সেতু নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনা ছিল। প্রায় পাঁচ বছরেও সেতুর কাজ শেষ হয়নি। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। বরং এটি আমাদের জন্য বিড়ম্বনার কারণ হয়েছে। স্টিলের মই বেয়ে সেতুতে উঠতে হয়, এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হয়। সেতু নির্মাণের আগে রশি টানা খেয়ানৌকায় মানুষ নদী পার হতেন। এখন খেয়ানৌকা বন্ধ হলেও সেতু ব্যবহার করা যাচ্ছে না।
সিএনজি অটোরিকশাচালক ইকবাল হোসেন মিয়া বলেন, শেষ পর্যন্ত খাসিয়ামারা নদীর ওপর কয়েক কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় আমরা এই সেতু দিয়ে গাড়ি পারাপার করতে পারছি না। মানুষের দুর্ভোগও কমেনি। সেতু থাকলেও যদি ব্যবহার করা না যায়, তাহলে এই সেতু নির্মাণ করে আমাদের লাভ কী হলো?
আলীপুর বাজারের ব্যবসায়ী সুমন মিয়া বলেন, ঠিকাদারের উদাসীনতায় সেতুর সংযোগ সড়কের কাজ ঝুলে রয়েছে। এই সেতু দিয়ে ওঠানামা করা খুবই কষ্টকর। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে সেতুতে উঠতে ভয় পান। বাজারের মালামাল পারাপার করতেও আমাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
সেতু নির্মাণে দীর্ঘসূত্রতার বিষয়ে ঠিকাদার শংকর সরকার বলেন, বন্যাসহ নানা কারণে নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। সেতুর কাজ শেষ হয়েছে। এখন শুধু দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ বাকি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই মাটি ভরাটের কাজ শেষ করা হবে।
এ বিষয়ে এলজিইডির দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ এশিয়া পোস্টকে বলেন, খাসিয়ামারা নদীটি খুবই খরস্রোতা। প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এখন সেতুর মূল কাজ শেষ, শুধু সংযোগ সড়কের কাজ বাকি। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সেতুর সব কাজ শেষ হবে।


