রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সামাদ প্লাজার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল ইসলাম (৩৪) এবং হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল মজিদের ছেলে সাব্বির হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আফাজুল ও সাব্বিরসহ কয়েকজন শ্রমিক সামাদ প্লাজার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় ভবনের চতুর্থতলায় রড তোলার কাজ করছিলেন তারা। রড তোলার সময় সেটি ভবনের সামনে থাকা বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করলে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
