logo

হবিগঞ্জে সকালে খুলল আ.লীগ কার্যালয়, দুপুরে অগ্নিসংযোগ

হবিগঞ্জে সকালে খুলল আ.লীগ কার্যালয়, দুপুরে অগ্নিসংযোগ

প্রায় ১৮ মাস পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার পর সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একদল নেতাকর্মী বন্ধ কার্যালয়ের তালা খুলে সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে কয়েক ঘণ্টা পর কে বা কারা ভবনটিতে আগুন দেয়।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কার্যালয়ের সামনে প্রায় ১০-১২ নেতাকর্মী জড়ো হন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় এক বক্তা বলেন, ‘শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ আমরা কার্যালয় খুলেছি। এর মাধ্যমে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করা হলো।’

এদিকে, দুপুরে হঠাৎ করে কার্যালয়ের মধ্যে অগ্নিসংযোগ করা হয়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ভিডিও ধারণ করে চলে যায়। তবে তাদের কাউকেই চিনতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তবে আগুনের একটি ভিডিও তিনি পেয়েছেন।