সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় ফুটবল নিয়ে দুই দলের সমর্থকরা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। ওই দিন রাত ২টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত চলে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, খেলায় আর্জেন্টিনার জয়ের পর ব্রাজিল সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরের জানালার কাচ ভাঙচুর করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মিরপুর মহল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পক্ষের অভিভাবকদের ঘটনাটি অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক করা হয়েছে।




