logo

ডিসির নম্বর হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা

ডিসির নম্বর হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা

লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি ফোন নম্বর হ্যাক হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ওই নম্বরে খোলা হোয়াটসঅ্যাপ থেকে টাকা চাওয়া হচ্ছে। মেসেজ পাওয়া এক ব্যক্তি টাকা চাওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে। যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ৩০ হাজার টাকা পাঠাবেন বা অনুরূপ অর্থের দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নম্বরটি রিকোভারের কাজ চলছে। বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।