‘ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না’

ঢাকার ধামরাইয়ে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফরিদা খানম বলেন, প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। এর বাইরে নিয়মনীতি অমান্য করে গড়ে ওঠা বাকি সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নের সারথী হয়ে তরুণ প্রজন্মকেই দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, ১৬টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, আব্দুস সুবহান মডেল হাই স্কুলের ৭০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেদে পল্লীতে টিন, নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।


