ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১২ শিক্ষার্থী হাসপাতালে

নোয়াখালীর হাতিয়ায় ক্লাস চলাকালে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শিক্ষার্থীরা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে। তারা সপ্তম ও দশম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে প্রথমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়লে শিক্ষক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাদের দ্রুত বিদ্যালয় থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ১২ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন বলেন, ১২ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বা জ্ঞান হারিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জোড়খালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, ক্লাস চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি জানার পর প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন।
ইউএনও রাসেল ইকবাল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।


