logo

পাবনায় বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনায় বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: এশিয়া পোস্ট

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাশপাড়া গ্রামে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। নিহত খালিদ ও আফিয়া দুই ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও তলিয়ে যায়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুরো দাশপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।