logo

কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ
কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। দুই ঘটনায় কেউ হতাহত না হলেও কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন।

Advertisement

কারাগারের দক্ষিণ পাশে জেলখানা মোড় এলাকায় শশী অটো হাউজের পাশের ফাঁকা জায়গা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জায়গাটি পরিত্যক্ত ও জনশূন্য। তবে পাশের সড়কটি ব্যস্ততম এবং হাউজিং এস্টেটে যাতায়াতের প্রধান সড়ক। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় ফারুক ইসলাম কর্নেল বলেন, আমরা বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। শশী মোটর হাউজের পেছনে বিস্ফোরণটি ঘটে। এরপর প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। শশী মোটর হাউজের কর্মচারী সাকিব বলেন, আমরা হঠাৎ শব্দ শুনতে পাই। ভয়ে আতঙ্কে কিছু দেখার সাহস পাইনি।

কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় বিকট শব্দ হয়। বলের মতো টেপ দিয়ে মোড়ানো বোমাটি গাছে ও চালের ওপর পড়ে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমাটি গাছে ও আবাসিক ভবনের চালে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, জেলা কারাগারে আবারও দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই দিন ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সড়কের ওপর থেকে নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যায়। পরে জেল সুপার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।