‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ আব্দুর রহমান শামীম হত্যাকাণ্ডের ঘটনায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গত দুই সপ্তাহে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া কিশোর স্থানীয় ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পরিবারের দাবি, সোমবার রাতে পুলিশ বাড়ি থেকে তাকে কেবল জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে গিয়েছিল।
গ্রেপ্তার ছাত্রের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার দিন কৌতূহলবশত অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গিয়ে এখন আসামি করছে। শুধু দেখতে যাওয়ার অপরাধে তাকে কেন গ্রেপ্তার করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে ওই ছাত্রের সম্পৃক্ততা পাওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পরই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।