মেয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় নুরবানু (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুনট কোল্ড স্টোরেজ এলাকায় নান্দাইল দিঘি সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়পত আলীর মেয়ে। তিনি মেয়ের বাড়ি কালাইয়ের নান্দাইল দিঘি চকমুড়লী এলাকায় যাওয়ার পথে সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাটগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাকের দাবি, তিনি সিরাজগঞ্জ থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। পুনট কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে ওই নারী হঠাৎ সড়কে উঠে আসেন। হর্ন দিলেও তিনি শুনতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মরদেহ থানায় নেওয়া হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

