নওগাঁয় গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেনসহ তিনজনকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একদিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এই দণ্ডের রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সাজাপ্রাপ্ত অপর দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে আত্রাই উপজেলার ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ছাত্রদল নেতা শাকিলসহ তিনজনকে গাঁজাসহ আটক করা হয়। আটকের পরপরই তাদের ছাড়াতে নানা তদবির ও দেনদরবার শুরু হয় বলে অভিযোগ ওঠে। পরে সন্ধ্যায় তাদের উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে একদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আইন অনুযায়ী মাদকের সংশ্লিষ্টতায় নিয়মিত মামলা দায়েরের বিধান থাকলেও এ ক্ষেত্রে কেবল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লোকদেখানো সাজা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
এ বিষয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম সমঝোতার অভিযোগ অস্বীকার করে জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সামান্য থাকায় তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছিল। আর সাজা নির্ধারণের এখতিয়ার সম্পূর্ণ বিচারকের।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আসামিদের উপস্থিত করে প্রসিকিউশন দাখিল করায় আইনগত পরিধির আলোকেই বিচার সম্পন্ন করা হয়েছে।
ঘটনার বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। খোঁজখবর নিয়ে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
