ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে শখের বানু নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইখলাসের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ছেলেকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শখের বানু (৫৭) ওই গ্রামের জেকোর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শখের বানুকে খাবার দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন তার ছোট ছেলের স্ত্রী। এ সময় তিনি শখের বানুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে ইখলাস নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। সকালে টাকা না পেয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিক ধারণা তাদের।
হত্যাকাণ্ডের পর ইখলাস দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ইখলাসকে তাদের কাছে সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



