logo

মানিকগঞ্জের ৪ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জের ৪ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মানিকগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করছেন জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি, এক্সরে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কার্যক্রম সিলগালা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।